ফুটবল মাঠের বাইরের জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। ফুটবলকে কেন্দ্র করে নির্মিত সিরিজটির নাম ‘ডে ওয়ান্স’। এর শুটিং শুরুর খবর নিজেই জানিয়েছেন রোনালদো। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করছেন রোনালদো। তাঁদের প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ইউআর মার্ভ স্টুডিওজের ব্যানারে তৈরি হচ্ছে এটি। ৪১ বছর বয়সী রোনালদো সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পর্দায় তাঁকে নিজের চরিত্রেই দেখা যাবে। ইনস্টাগ্রামে শুটিং শুরুর ঘোষণা দিয়ে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ান্স’-এর নির্মাণ শুরু হয়েছে। আরও পড়ুন,১৩ নভেম্বরের সেই দিনে রোহিতের ব্যাটে রেকর্ডের ঝড়আরও আসছে!’ পোস্টের সঙ্গে শুটিংয়ের পেছনের কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি। সিরিজটির গল্পে আধুনিক ফুটবলজগতের বিপুল অর্থ, চাপ এবং খেলোয়াড় বদলির প্রতিযোগিতা তুলে ধরা হবে। এর কেন্দ্রীয় চরিত্র কাল্পনিক ব্রিটিশ ফুটবল এজেন্ট স্ট্যানলি ডাল্টন। চরিত্রটিতে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। এ ছাড়া ব্রিটিশ র্যাপার ডেভ এবং ফ্রান্সের সাবেক ফুটবলার থিয়েরি অঁরিও থাকছেন সিরিজটিতে। অঁরিও নিজের চরিত্রেই অভিনয় করবেন। রোনালদোর প্রকাশ করা শুটিংয়ের ছবিতে ড্যামিয়ান লুইস ও ডেভকে দেখা গেছে। একটি ছবিতে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের দৃশ্যও রয়েছে, যা সিরিজে ইংলিশ ফুটবলের বাস্তব পরিবেশের ইঙ্গিত দিচ্ছে। ‘ডে ওয়ান্স’-এর মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। শুটিং চলছে। সিরিজটির মাধ্যমে ফুটবলের পাশাপাশি বিনোদনজগতেও নিজের অবস্থান বিস্তৃত করতে যাচ্ছেন রোনালদো।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।