দৈনিক সংবাদ দিগন্ত

প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস বদলানোর মিশনে নাজমুলরা

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। তবে এখনো দুটি দলের বিপক্ষে টেস্ট জয়ের অপেক্ষা রয়ে গেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই অপেক্ষা ঘোচানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে নামছে নাজমুল হোসেনের দল। কিন্তু পরিসংখ্যান বলছে, কাজটি সহজ হবে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৪টিতেই হার, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে বৃষ্টির কারণে। হারের ৯টিই ইনিংস ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আটটি টেস্ট খেলে সব কটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ; এর পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে। দুশ্চিন্তার বড় জায়গা ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার মাটিতে অন্তত পাঁচ ইনিংস খেলেছেন, এমন বাংলাদেশি ব্যাটসম্যানদের কারও গড় ২৫ ছুঁতে পারেনি। সর্বোচ্চ ২৪.২৭ গড় লিটন দাসের। মাহমুদুল হাসান ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেননি। এবারের সিরিজের দুই ভেন্যু জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের উইকেটও ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। সাম্প্রতিক সময়ে এই দুই মাঠে পেসারদের আধিপত্য দেখা গেছে। সর্বশেষ সাত টেস্টে প্রায় ৯০ শতাংশ উইকেট নিয়েছেন পেস বোলাররা।আরও পড়ুন,শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল সেমিফাইনালে মাঠে নামছেএই পরিস্থিতি বিবেচনায় ব্যাটসম্যানদের প্রস্তুত করতে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইনকে নিয়োগ দিয়েছে বিসিবি। তিনি দলের সঙ্গে কাজ শুরু করেছেন। বেনকেনস্টেইনের মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভিন্ন বাউন্সের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে ব্যাটসম্যানদের প্রধান চ্যালেঞ্জ। তবে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস জোগাতে পারে। প্রস্তুতির সময়ও খুব বেশি পায়নি দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার পরদিনই বেশির ভাগ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হন। সেখানে মাত্র দুই-তিন দিনের অনুশীলন শেষে মাঠে নামতে হচ্ছে তাঁদের। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে কত দ্রুত মানিয়ে নিতে পারে বাংলাদেশ, সেটিই হবে সিরিজের অন্যতম বড় পরীক্ষা। জোহানেসবার্গ টেস্ট থেকেই মিলবে সেই পরীক্ষার প্রথম উত্তর।

প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস বদলানোর মিশনে নাজমুলরা