দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজ প্রণালির নিয়ম নির্ধারণ করবে তীরবর্তী দুই দেশ: ইরান

হরমুজ প্রণালির পরিস্থিতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথের ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরানের মধ্যে সমঝোতা হয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন। গত বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধে তেহরান সাত দফা প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবের অংশ হিসেবেই হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা হয়েছে বলে তাঁর বক্তব্য। গালিবাফের দাবি, হরমুজ প্রণালিতে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের বিধান এ প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির নিয়মকানুন তীরবর্তী দুই দেশের আইন দ্বারা পরিচালিত হয়। সাক্ষাৎকারে ইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্তসংবলিত বার্তা পাঠিয়েছে তেহরান। এখন এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। গালিবাফ বলেন, ‘বল এখন আমেরিকার কোর্টে।’আরও পড়ুন,জাকির নায়েকের সাফল্যের পেছনে বাবার যে সহযোগিতা ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে সংঘাত বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। গত জুনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় সই হওয়া সমঝোতার অংশ হিসেবে এসব শর্ত বাস্তবায়ন জরুরি বলেও উল্লেখ করেন তিনি গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত শর্ত আরোপ না করলে, অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকলে এবং সমঝোতা মেনে চললে চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে তাঁর মতে, চুক্তি চূড়ান্ত করার পথে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার অভাব। তিনি আরও জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার বিষয়ে সতর্ক করে গালিবাফ বলেন, এমন পদক্ষেপ নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একটি পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও তাঁকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বলে মন্তব্য করেন ইরানের এই স্পিকার।

হরমুজ প্রণালির নিয়ম নির্ধারণ করবে তীরবর্তী দুই দেশ: ইরান