দৈনিক সংবাদ দিগন্ত

প্যাটিনসনের ক্যারিয়ারে নতুন মাইলফলক, এবার জেমস বন্ড

একসময় তরুণীদের স্বপ্নের পুরুষ ছিলেন তিনি। পর্দায় রহস্যময় চোখের চাহনি, হাসি আর অতিপ্রাকৃত আকর্ষণে মুগ্ধ করেছিলেন বিশ্বের অসংখ্য দর্শক। স্টেফানি মেয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়ালাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্ব তারকায় পরিণত হন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। তবে রোমান্টিক নায়কের পরিচয়ে আটকে না থেকে একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হলো জেমস বন্ডের মতো কিংবদন্তি চরিত্র। ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ড্যানিয়েল ক্রেগের পর সপ্তম অভিনেতা হিসেবে ০০৭ চরিত্রে দেখা যাবে প্যাটিনসনকে। বন্ড সিরিজের ২৬তম সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। ১৯৮৬ সালের ১৩ মে লন্ডনের বার্নস এলাকায় জন্ম রবার্ট ডগলাস টমাস প্যাটিনসনের। ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। তবে ২০০৮ সালে ‘টোয়ালাইট’ মুক্তির পর বিশ্বজুড়ে পরিচিতি পান। সিরিজটির পাঁচটি সিনেমা মিলিয়ে আয় হয় তিন বিলিয়ন ডলারের বেশি। ‘টোয়ালাইট’-এর জনপ্রিয়তার পর একই ধরনের চরিত্রে আটকে না থেকে ভিন্ন ধারার সিনেমায় কাজ শুরু করেন প্যাটিনসন। ২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’, ২০১৭ সালে ‘গুড টাইম’, ২০১৮ সালে ‘হাই লাইফ’ এবং ২০১৯ সালে ‘দ্য লাইটহাউস’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়।আরও পড়ুন,বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের পর বিয়ে নিয়ে ভাবছেন না জেনিফার বিশেষ করে ‘গুড টাইম’ ও ‘দ্য লাইটহাউস’-এ ভিন্নধর্মী চরিত্রে অভিনয় তাঁকে নতুনভাবে পরিচিত করে। ২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ এবং ২০২২ সালে ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় অভিনয় করেন তিনি। ব্যাটম্যান চরিত্রে তাঁর বিষণ্ন ও অন্তর্মুখী ব্রুস ওয়েন দর্শকদের নজর কাড়ে। ২০২৫ সালে ‘মিকি ১৭’ ও ‘ডাই মাই লাভ’ সিনেমাতেও অভিনয় করেন প্যাটিনসন। ২০২৬ সালে ‘দ্য ড্রামা’ ও ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’তেও দেখা গেছে তাঁকে। নতুন বন্ড চরিত্রে দায়িত্ব পাওয়া নিয়ে প্যাটিনসন বলেছেন, এটি তাঁর জীবনের অন্যতম বড় সম্মান এবং স্বপ্ন পূরণের মতো। তবে ড্যানিয়েল ক্রেগের জনপ্রিয় বন্ড-পরবর্তী সময়ে নতুন চরিত্রায়ণ নিয়ে দর্শকদের প্রত্যাশা ও তুলনার মুখে পড়তে হবে তাঁকে। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ও সংগীতশিল্পী সুইকি ওয়াটারহাউসের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্যাটিনসন। ২০২৪ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন এই অভিনেতা। ভ্যাম্পায়ার, অপরাধী, বাতিঘরের কর্মী, ব্যাটম্যান বিভিন্ন পরিচয় পেরিয়ে এবার জেমস বন্ড। প্যাটিনসনের দীর্ঘ অভিনয়জীবনে নতুন এই অধ্যায় কতটা সফল হয়, তা জানতে অপেক্ষায় থাকতে হবে নতুন সিনেমা মুক্তি পর্যন্ত।

প্যাটিনসনের ক্যারিয়ারে নতুন মাইলফলক, এবার জেমস বন্ড