দৈনিক সংবাদ দিগন্ত

বৃষ্টিতে বিপর্যয়ে হাওড়ে পাকা ধান তলিয়ে কৃষকের চোখে জল

টানা বৃষ্টি আর ঝড়ো আবহাওয়ার প্রভাবে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে দেখা দিয়েছে চরম কৃষি বিপর্যয়। কৃষকের ঘরে ওঠার আগেই হাওড়ের পাকা বোরো ধান তলিয়ে যাচ্ছে পানির নিচে।দিরাই উপজেলা ও শাল্লা উপজেলার বিভিন্ন হাওড় ঘুরে দেখা যায়, বরাম, চাপতি ও কালিকোটাসহ বৃহৎ হাওড়গুলোর বিস্তীর্ণ জমি ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। কোথাও ধান পুরোপুরি তলিয়ে গেছে, আবার কোথাও ডুবু ডুবু অবস্থায় রয়েছে।জীবন-জীবিকার শেষ ভরসা রক্ষায় কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কোমর সমান পানিতে নেমে, কেউ নৌকায় করে জমিতে গিয়ে ধান কাটছেন। অনেকে আবার স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়েই মাঠে নেমেছেন।স্থানীয় কৃষক কুলেন্দ্র চৌধুরী জানান, ৩০ কেদার জমির মধ্যে মাত্র ৬ কেদার ধান কাটতে পেরেছেন, বাকিটা তলিয়ে গেছে। জমিতে পানি থাকায় মেশিন ব্যবহার সম্ভব হচ্ছে না।আরো পড়ুন , রামগঞ্জে জবরদখলে বিলুপ্ত ভাটরা - পানিয়ালা খালঅন্য কৃষক প্রণয় ব্রহ্মচারী বলেন, তার ২৬ কেদার জমির মধ্যে ইতোমধ্যে ১০ কেদার তলিয়ে গেছে, বৃষ্টি না থামলে বাকি জমিও ডুবে যাবে।এদিকে সিদ্দিক মিয়া জানান, শ্রমিক না পাওয়ায় স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেই পানিতে নেমে ধান কাটছেন।কৃষকদের অভিযোগ, একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে জ্বালানি সংকট—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জমিতে পানি জমে থাকায় হারভেস্টার ব্যবহারও বন্ধ রয়েছে।তবে কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৬০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী। তিনি সতর্ক করে বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।হাওড়াঞ্চলের কৃষকদের জন্য এটি এক বড় ধাক্কা। মৌসুমের শেষ সময়ে এসে এমন দুর্যোগে তাদের স্বপ্ন ভেসে যাচ্ছে পানির স্রোতে।

বৃষ্টিতে বিপর্যয়ে হাওড়ে পাকা ধান তলিয়ে কৃষকের চোখে জল