দৈনিক সংবাদ দিগন্ত

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বিষয়টি সংসদে উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন করেন, সংসদ সদস্যের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ ওঠার পরও ঘটনাস্থলে ফরেনসিক দল না পাঠিয়ে কীভাবে পুলিশ আগেই পেট্রোল বোমার আলামত না পাওয়ার কথা জানাল। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জনশূন্য ছিল। সেখানে কেয়ারটেকারের কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা যায়। পাশের তিনতলা ভবনে সংসদ সদস্যের বাবা-মা বসবাস করেন।আরও পড়ুন, শিল্পাঞ্চলে শতভাগ বিনিয়োগবান্ধব পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীরমন্ত্রী বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বিজিবির প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমা ব্যবহারের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের ঘটনার কথা জানাননি। তিনি আরও বলেন, ঘটনাস্থলের ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক ওয়্যারিং থেকে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় দৌলতপুর থানায় ১২ নভেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৭০৩) করা হয়েছে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী