৯০% ভোটকেন্দ্রে নজরদারি সিসি ক্যামেরার আওতায় : নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ইতিমধ্যে ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ ছাড়াও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য। (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সারা দেশে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।আরো পড়ুন , বিশৃঙ্খলায় জিরো টলারেন্স সতর্কবার্তা আইনশৃঙ্খলা বাহিনীএ ছাড়া মাঠে কাজ করছেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। ‘বাংলাদেশে এত বড় পরিসরে কখনোই এত ফোর্স ও সক্ষমতা মোতায়েন করা হয়নি। ফলে নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তার পরও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’ তিনি বলেন, ‘সারা দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ প্রায় ৯০ শতাংশে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। নিরাপত্তার প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় ড্রোন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে।’ ক্যামেরার চূড়ান্ত সংখ্যাটি বুধবার বিস্তারিতভাবে জানানো হবে বলেও জানান তিনি।