দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে কোনো ধরনের হামলার নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে নেই, তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার এসব তথ্য জানান।তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।আরো পড়ুন , ঈদে টানা ১০ দিনের ছুটির সম্ভাবনা, প্রস্তুতিতে ব্যস্ত দেশসংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি রিভলবারসহ ফোরকান আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে আরও দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড গুলি, ৬টি মোবাইল ফোন এবং এক লাখ ২ হাজার পিস ইয়াবাসহ আরও পাঁচজনকে আটক করা হয়।র্যাবের দাবি, গ্রেফতারকৃতরা ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীতে ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধে সক্রিয় ছিল।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান র্যাব-২ এর এই কর্মকর্তা।সংশ্লিষ্টরা মনে করছেন, গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির যে প্রবণতা দেখা যায়, তা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অবস্থান জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে।