কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। একপর্যায়ে বাসভবনের নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাড়ির সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আরও পড়ুন, রামদা ও লগি-বইঠা নিয়ে মিছিলের পর সড়কে আগুনগোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ দলটির নেতাকর্মীদের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাঁর জানা নেই। ঘটনার পর বাসভবনের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।