যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত উড়োজাহাজের সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসের বয়স ছিল মাত্র ২০ বছর। দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগের সময় তাঁকে বারবার ‘মে ডে’ সংকেত দিয়ে সাহায্য চাইতে শোনা যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় উড়োজাহাজের নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। গত রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে বাহামার উদ্দেশে যাত্রা করা একটি লিয়ারজেট-৬০ উড়োজাহাজ দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। দুর্ঘটনার আগে এটিসির সঙ্গে রেডিও যোগাযোগে ফিলগেইরাস জানান, উড়োজাহাজের বাইরে তাপমাত্রা মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস থাকায় এতে বরফ জমছিল। পাশাপাশি উড়োজাহাজে প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল এবং এটি উচ্চতার ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে তিনি ‘মে ডে’ সংকেত দিয়ে জরুরি সাহায্য চান। রেডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচে নেমে যাচ্ছে এবং নিয়ন্ত্রণ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। পরবর্তী ফ্লাইট ডেটায় দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে উড়োজাহাজটি দ্রুত উচ্চতা হারাচ্ছিল। নাতালিয়া ২০২৩ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেন। ব্রাজিলীয় পরিবারে জন্ম নেওয়া এই তরুণী ফ্লোরিডায় বসবাস করতেন।আরও পড়ুন,ওমান উপকূলে ট্যাঙ্কারে হামলা আহত ১৩ নাবিক উদ্ধার তাঁর মা ক্যামিলা গাদেলহা কোর্টেলেটি জানান, মেয়ে অত্যন্ত দায়িত্বশীল ও পরিশ্রমী ছিলেন। প্রায় নয় মাস ধরে তিনি কমার্শিয়াল পাইলট হিসেবে কাজ করছিলেন। তাঁর সৎবাবা থিয়াগো কোর্টেলেটির দাবি, নাতালিয়ার প্রায় ১ হাজার ৩০০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। তবে তাঁর লাইসেন্সে উড়োজাহাজ চালানোর অনুমতি থাকলেও ফ্লাইটের মূল দায়িত্বে বা কমান্ড পাইলট হিসেবে দায়িত্ব পালনের অনুমতি ছিল না। দুর্ঘটনায় নিহত অন্যদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা অ্যাডাম রবিনসন, তাঁর স্ত্রী হেলেন শার্প, তাঁদের চার বছর বয়সী মেয়ে এমা ও দুই বছর বয়সী ছেলে চার্লি। এ ছাড়া শিশুদের দেখাশোনার দায়িত্বে থাকা অনিতা মারিয়া সেটিনা, র্যাচেল রিড ও চার্মি ফেহর নিহত হয়েছেন। অন্য পাইলটের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। নিহত যাত্রীদের পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে পাইলটদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা। উড়োজাহাজে বরফ জমা, প্রতিকূল আবহাওয়া এবং নিয়ন্ত্রণ হারানোর বিষয়গুলো দুর্ঘটনার আগের রেডিও যোগাযোগে উঠে এসেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।