মেরুদণ্ডের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবরের একটি ছবি শেয়ার করে তাঁর সুস্থতা কামনা করেন শিশির মনির। পোস্টে তিনি জানান, ফেসবুকে বাবরের অসুস্থতার খবর পড়ে ফোন করে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ সময় বাবরের বড় ছেলের সঙ্গে কথা হলে তিনি অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে শিশির মনির লেখেন, ‘ফেইসবুকে খবরটা পড়ে ফোন করেছিলাম। ভাতিজার [বাবর ভাইয়ের বড় ছেলে] সাথে কথা হল। বলল ভাইয়ের মেরুদণ্ডের একটি অপারেশন হয়েছে। আল্লাহ ভাইকে দ্রুত সুস্থতা নসিব করুন। আমিন।’আরও পড়ুন,‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না’: নাহিদ ইসলাম পারিবারিক ও দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টার দিকে একটি হাসপাতালে বাবরের মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার করা হয়। এর আগে নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে অস্ত্রোপচারের বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি। দীর্ঘদিন কারাভোগের সময় থেকেই বাবর মেরুদণ্ডে তীব্র ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে পারিবারিক ও দলীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া তাঁর কিডনির সমস্যা ও শ্বাসকষ্টও রয়েছে বলে ওই সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন বাবর। অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবার দেশ ও জনগণের সেবায় ফিরতে চান বলেও তিনি জানিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।