দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযান, ট্যাপেন্টাডলসহ নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্সের যৌথ অভিযানে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, মোবাইল ফোন ও দেশীয় ধারালো অস্ত্রসহ এক নারীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে উপজেলার পশ্চিম উচনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স সদস্যরা পশ্চিম উচনা গ্রামের মো. শাহীন আলমের বাড়িতে অভিযান চালান। স্থানীয় মেম্বার, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতঘরের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।আরও  পড়ুন, গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক র‍্যালি ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিতবিজিবির দাবি, অভিযানকালে মো. শাহীন আলম আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তার স্ত্রী মোছা. উম্মে হাবিবাকে আটক করা হয়।বিজিবি আরও জানিয়েছে, শাহীন আলমের বিরুদ্ধে মাদক ব্যবসা ও স্থানীয়ভাবে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। গত ৮ ও ৯ সেপ্টেম্বর স্থানীয় কয়েকজনের দেওয়া অভিযোগ ও বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছোট ছোট গ্যাংয়ের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগের বিষয়টি জানা যায়।এ ঘটনায় পলাতক শাহীন আলম ও আটক তার স্ত্রী মোছা. উম্মে হাবিবাকে আসামি করে উদ্ধার করা মাদকদ্রব্য, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযান, ট্যাপেন্টাডলসহ নারী আটক