শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাতক্ষীরার কলারোয়ায় ৮০ মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন।আয়োজকরা জানান, উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুটি করে মোট ১০টি বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্রের হাতে মোট ৮০টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলোকলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজিরহাট হাইস্কুল।অনুষ্ঠানে কলারোয়া পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।আরও পড়ুন, সাভারে একশত পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও একটি মোটরসাইকেল জব্দপ্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই তাদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনায় উৎসাহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেএ সময় কলারোয়া পাইলট হাইস্কুলে একটি সাইকেল শেড নির্মাণের জন্য দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন হাবিবুল ইসলাম হাবিব।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইলট স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, বিদ্যালয়ে যাতায়াতের পাশাপাশি এই সহায়তা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।