সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ১৭ নভেম্বর সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। এ ক্ষেত্রে অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই। সরকার এ বিষয়ে কোনো ধরনের চাপে নেই বলেও জানান তিনি। এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তথ্য উপদেষ্টা জানান, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্মকে বিপথে যাওয়া থেকে দূরে রাখার পাশাপাশি বিনোদনের সুযোগ তৈরি করতে চায় সরকার। এ সময় ২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সম্পন্ন হওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।আরও পড়ুন, রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার দণ্ড বহালঅন্যদিকে গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ডা. জাহেদ উর রহমান। তবে নতুন কোনো তথ্য এখনো নেই। যথাসময়ে সরকারের অবস্থান গণমাধ্যমকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তির আলোচনা বা সমঝোতার সরাসরি সম্পর্ক নেই বলেও জানান তথ্য উপদেষ্টা। এ ছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তিনি। সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার কথা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর অভিযান পরিচালনার পাশাপাশি বলপ্রয়োগের ক্ষেত্রে আনুপাতিকতা বজায় রাখতে হবে। সব মিলিয়ে শেখ হাসিনার বিচার, ভারত-বাংলাদেশ সম্পর্ক, গঙ্গা পানি চুক্তি ও দেশের সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।