আবার চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, ২৭ জুলাই থেকে উড়বে বিমান
দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। আগামী ২৭ জুলাই থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে যাত্রী চাহিদা বৃদ্ধি এবং রুটটির বাণিজ্যিক সম্ভাবনা ইতিবাচক হলে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই থেকে অপারেশনাল ও বাণিজ্যিক কারণে ঢাকা-নারিতা রুটের সরাসরি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। সে সময় হজ মৌসুমে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজের স্বল্পতা এবং আর্থিক বিবেচনাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।আরও পড়ুন , টানা ৫ দিনের বৃষ্টির বার্তা, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কাএর আগে দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুট পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু প্রায় দুই বছর পর আবারও রুটটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এবার নতুন করে চালুর মাধ্যমে যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সোমবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবে। বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত রুটটির সময়সূচি, ভাড়া কাঠামো, ফ্লাইট ফ্রিকোয়েন্সি এবং উদ্বোধনী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।বিমান ও পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কর্মসংস্থান এবং কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। ফলে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ দুই দেশের জনগণের যোগাযোগ সহজ করার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।