দৈনিক সংবাদ দিগন্ত

মুক্তির পরই বিভিন্ন দেশের তালিকায় শীর্ষে কলিশন কোর্স

ব্যাংক ডাকাতি, রহস্য, বিশ্বাসঘাতকতা আর বেঁচে থাকার লড়াই। সব মিলিয়ে টানটান উত্তেজনার গল্প নিয়ে দর্শকদের নজর কেড়েছে স্প্যানিশ ক্রাইম থ্রিলার সিনেমা ‘কলিশন কোর্স’। গত ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পরপরই আন্তর্জাতিক দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে সিনেমাটি।মুক্তির পরদিনই বিভিন্ন দেশের নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করে নেয় এটি। এমনকি যুক্তরাষ্ট্রেও ১ নভেম্বর নেটফ্লিক্সের সর্বাধিক দেখা সিনেমার তালিকায় উঠে আসে এক নম্বরে। সিনেমাটির গল্পের পটভূমি ২০১৩ সালের স্পেনের মাদ্রিদ। দেশটির অর্থনৈতিক সংকটের সময় একদল অপরাধী একটি ব্যাংকে ডাকাতি করে। কিন্তু ডাকাতির পর তাদের পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে। পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে জড়িয়ে পড়ে আরও জটিল পরিস্থিতিতে। দলের সদস্যদের মধ্যেও তৈরি হয় সন্দেহ, অবিশ্বাস ও বিশ্বাসঘাতকতা। সিনেমাটিতে অভিনয় করেছেন স্পেনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। আরও পড়ুন,পেশা ও ব্যক্তি জীবন আলাদা রাখতে চান কুসুমকার্লা চরিত্রে লাইয়া কোস্তা, পেদ্রো চরিত্রে কারা এলেখালদে, এরনেস্তো চরিত্রে লুইস সাহেরা এবং রাউল চরিত্রে আলভারো সেরভান্তেসকে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছেন ড্যানিয়েল সানচেজ আরেভালো। তাঁর পরিচালিত এটি প্রথম থ্রিলার সিনেমা। চিত্রনাট্য লিখেছেন ড্যানিয়েল সানচেজ আরেভালো ও রামন কাম্পোস।রহস্যনির্ভর গল্প, একের পর এক অপ্রত্যাশিত ঘটনা এবং অভিজ্ঞ অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটির জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তবে দর্শকদের মধ্যে সাড়া ফেললেও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র। চিত্রনাট্য ও উত্তেজনা তৈরির প্রশংসা থাকলেও শেষ অংশের দুর্বলতা এবং চরিত্রগুলোর গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সব মিলিয়ে অপরাধ ও রহস্যনির্ভর সিনেমার দর্শকদের জন্য নেটফ্লিক্সের নতুন সংযোজন ‘কলিশন কোর্স’।

মুক্তির পরই বিভিন্ন দেশের তালিকায় শীর্ষে কলিশন কোর্স