দৈনিক সংবাদ দিগন্ত

টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় কুমকুম বেগম।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামে বসতবাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মোছাম্মৎ কুমকুম বেগম নামে এক নারী। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছেন বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে আগুন দেওয়ার পর ঘটনাটিকে রাজনৈতিক ইস্যুতে রূপ দিয়ে এর দায় স্থানীয় আওয়ামী লীগের ওপর চাপানোর পরিকল্পনা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কুমকুম বেগম জানান, তার বাবা মৃত হায়দার আলী মুন্সী। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি একমাত্র বোন। তার ভাইয়েরা বিভিন্ন স্থানে কর্মরত থাকায় গ্রামের বাড়িতে তিনি ও তার একমাত্র অসুস্থ ছেলে বসবাস করেন। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় বর্তমানে নিজের ও ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী কয়েকজন ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পূর্ববিরোধ চলে আসছে।আরও পড়ুন,কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিবি হেফাজতে। এরই ধারাবাহিকতায় তার বসতবাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বাড়িতে আগুন দেওয়ার পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্থানীয় আওয়ামী লীগের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কুমকুম বেগম। বিশেষ করে অসুস্থ ছেলেকে নিয়ে বাড়িতে একা বসবাস করায় তার দুশ্চিন্তা আরও বেড়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন তিনি। কুমকুম বেগমের দাবি, তার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার পরিবার ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।

টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় কুমকুম বেগম।