দীর্ঘ যুদ্ধ, নেতৃত্বের ক্ষয়ক্ষতি ও গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের পর অস্তিত্ব টিকিয়ে রাখতে রাজনৈতিক কৌশল বদলানোর চেষ্টা করছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সামরিক ও প্রশাসনিক সক্ষমতা কমে এলেও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে অবস্থান ধরে রেখেছে সংগঠনটি। এখন যুদ্ধবিরতি, নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনার মধ্যে রাজনৈতিক প্রভাব বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। ফরেন পলিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির অবনতির কারণে ইসরাইলের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হামাস। এ লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছেন সংগঠনটির নেতারা। জিটিও নিউজের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর থেকে হামাস কঠিন সংকটের মুখে রয়েছে। দীর্ঘ যুদ্ধ ও নেতৃত্বের ক্ষয়ক্ষতির পাশাপাশি গাজার মানুষের দুর্ভোগ সংগঠনটির জনসমর্থন কমিয়েছে। ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্রের ২০২৬ সালের আগস্টের জরিপে হামাসের প্রতি সমর্থন ২৪ শতাংশে নেমে এসেছে। ১০ মাস আগে এ হার ছিল ৩৫ শতাংশ। জরিপে ৪৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, হামাস কিংবা ফাতাহ কোনোটিই ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করার যোগ্য নয়। আরও পড়ুন,মার্কিন হামলার জবাবে ইউরোপের ঘাঁটিতেও আঘাতের হুঁশিয়ারিবিশ্লেষকদের মতে, হামাসের জনপ্রিয়তা কমলেও ফাতাহ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি মানুষের আস্থা বাড়েনি। ফলে ফিলিস্তিনি রাজনীতিতে বিকল্প নেতৃত্বের সংকট রয়ে গেছে। সামরিক কাঠামো ও প্রশাসনিক নিয়ন্ত্রণেও হামাস দুর্বল হয়েছে। জিটিওর বিশ্লেষণে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর সংগঠনটি ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে রকেট বা গুলিবর্ষণ করেনি। তবে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হামাস অস্বীকার করে আসছে। রাজনৈতিক প্রভাব ধরে রাখতে ডেমোক্রেটিক রিফর্ম কোয়ালিশন (ডিআরসি) জোটকে গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। সরাসরি নির্বাচনে অংশ না নিয়ে জোটটির মাধ্যমে প্রভাব বিস্তারের সম্ভাবনা বিবেচনা করছে তারা। এতে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। তবে অস্ত্র সমর্পণ নিয়ে হামাসের অনীহা রয়েছে। বিশ্লেষক তারেক বাকোনির মতে, অস্ত্র ত্যাগ করলে সংগঠনটির রাজনৈতিক অস্তিত্বের ভিত্তিই প্রশ্নের মুখে পড়বে। ফলে সামরিক সক্ষমতা কমলেও রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে চায় হামাস।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।