দৈনিক সংবাদ দিগন্ত

বান্দরবান-কক্সবাজারে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার প্রস্তাব

দক্ষিণ-পূর্ব বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজার অঞ্চলে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সম্প্রসারণে তিনটি বিশেষায়িত গুচ্ছ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে গ্রীন পলিসি মুভমেন্ট। বঙ্গোপসাগর ও পাহাড়ের প্রাকৃতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং দুর্গম এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।সংগঠনটির প্রধান মুখপাত্র ও সদস্য সচিব মো. মহিউদ্দিন বন্ধু এ প্রস্তাবকে পিছিয়ে থাকা অঞ্চলের শিক্ষা ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে তুলে ধরেছেন। প্রস্তাবনায় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আদলে বান্দরবান ও কক্সবাজারের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত করে ‘বে অব বেঙ্গল ক্লাস্টার ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বিকল্প হিসেবে শুধু বান্দরবানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে পৃথক গুচ্ছ বিশ্ববিদ্যালয় গঠনের ধারণাও রয়েছে। প্রস্তাবটির উল্লেখযোগ্য দিক হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তিনটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এর মধ্যে সাধারণ কলেজগুলো নিয়ে ‘বে অব বেঙ্গল ক্লাস্টার ইউনিভার্সিটি’, মহিলা কলেজগুলো নিয়ে ‘বে অব বেঙ্গল উইমেন্স ক্লাস্টার ইউনিভার্সিটি’ এবং মাদ্রাসা ও ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে ‘বে অব বেঙ্গল ইসলামিক ক্লাস্টার ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাব রয়েছে।আরও পড়ুন,কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮  উদ্যোক্তাদের মতে, সমন্বিত এ কাঠামো বাস্তবায়িত হলে স্থানীয় শিক্ষার্থীদের নিজ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি নারীশিক্ষা, সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয় এবং গবেষণাভিত্তিক শিক্ষা বিস্তারের সম্ভাবনা তৈরি হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার সুযোগ বাড়াতেও প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় হাইস্কুলগুলোতে পর্যায়ক্রমে এইচএসসি এবং দাখিল মাদ্রাসাগুলোতে আলিম পর্যায়ের শিক্ষা চালুর কথা বলা হয়েছে। এতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রয়োজন কমতে পারে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ স্থাপনেও গুরুত্ব দেওয়া হয়েছে। পার্টটাইম চাকরি, ইন্টার্নশিপ, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পর্যটন, মৎস্যসম্পদ, সামুদ্রিক অর্থনীতি, কৃষি, পরিবেশ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ব্যবসা ও তথ্যপ্রযুক্তিকে সম্ভাবনাময় কর্মক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবনায় বঙ্গোপসাগর, সামুদ্রিক অর্থনীতি, জীববৈচিত্র্য, পর্যটন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষায়িত গবেষণার সুযোগ তৈরির কথাও বলা হয়েছে। পাশাপাশি ডিজিটাল শিক্ষা, অনলাইন গবেষণা এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বান্দরবান ও কক্সবাজারকে শিক্ষা সংস্কার ও উচ্চশিক্ষা সম্প্রসারণের বিশেষ পাইলট এলাকা ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা, অর্থায়ন, গবেষণার সক্ষমতা এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কাঠামো যাচাই করতে হবে।আরও পড়ুন,রাজৈর থানা এলাকা হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনার দাবি রাখে এ প্রস্তাব। কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষার মান নিয়ন্ত্রণ, শিক্ষক নিয়োগ, ডিগ্রির স্বীকৃতি ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। পরিকল্পিতভাবে উদ্যোগটি বাস্তবায়ন করা গেলে পাহাড় ও সমুদ্রঘেরা এ অঞ্চলে উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের।

বান্দরবান-কক্সবাজারে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার প্রস্তাব