দৈনিক সংবাদ দিগন্ত

মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে এ ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, মাদক প্রবেশের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, যার লক্ষ্য যুবসমাজকে ধ্বংস করা। আরও পড়ুন,সংবাদ সম্মেলনে অনিয়মের তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজ উপস্থাপনআসাদুল হাবিব দুলু বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলেও জানান তিনি। শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এখন শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হচ্ছে, অনেক শিক্ষক নির্যাতনের শিকার হয়েছেন। নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতায় সমাজ পিছিয়ে পড়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।

 মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান