দৈনিক সংবাদ দিগন্ত

মার্কিন হামলার জবাবে ইউরোপের ঘাঁটিতেও আঘাতের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত আগ্রাসনে অংশ নেওয়া মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। তাঁর ভাষ্য, এসব ঘাঁটি ইরানের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই বলেন, যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত হামলায় জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের আঘাতের আওতায় আসবে। তিনি আরও বলেন, কোনো নিরাপদ দূরত্ব, আশ্রয় বা দায়মুক্তি থাকবে না। ইরানের ইংরেজি সম্প্রচারমাধ্যম প্রেসটিভ এ বক্তব্যের খবর প্রকাশ করেছে। এর আগে গত মাসের শেষ দিকে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সম্ভাব্য শত্রু হুমকির জবাবে তাৎক্ষণিক ও কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনায় ভৌগোলিক সীমার বাধা না রাখার কথাও উল্লেখ করা হয়। সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, শত্রুর বিরুদ্ধে শক্তিশালী সংঘাতের জন্য বিচক্ষণতার সঙ্গে সামরিক প্রস্তুতি নেওয়া প্রতিরোধক্ষমতা অর্জনের মৌলিক শর্ত।আরও পড়ুন,মাদ্রিদ ও বার্সেলোনার রাজপথে প্রায় পৌনে দুই লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তিনি সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক বা সন্ত্রাসী হামলা হলে কখন এবং কোন পরিস্থিতিতে তার অবসান ঘটবে, তা ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ নির্ধারণ করবে। ইরানের নেতা সামরিক লক্ষ্যবস্তুর তালিকা ব্যাপকভাবে হালনাগাদের নির্দেশও দিয়েছেন। তাঁর ঘোষিত উদ্দেশ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান এবং অদৃশ্য সম্পদ যেন ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে থাকে। এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগের নতুন ‘মিসাইল সিটি’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি। সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধে প্রতিপক্ষকে একের পর এক বিস্ময়ের মুখে পড়তে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বুধবার টেলিভিশন সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, ইরান এখনো তার সামরিক সক্ষমতার পুরোটা প্রকাশ করেনি। নতুন স্থাপনাটিতে সংরক্ষিত অনেক সক্ষমতা জনসমক্ষে আসেনি বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এসব কৌশলগত অর্জন ইরানের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ সম্পদ। প্রতিপক্ষ কোনো পদক্ষেপ নিলে সেগুলো কীভাবে ব্যবহার করা হবে, তা বিশ্ব দেখতে পাবে। তবে কর্মকর্তাদের এসব বক্তব্যের বাইরে সম্ভাব্য হামলার সময়, লক্ষ্যবস্তু বা সামরিক পদক্ষেপের বিষয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

মার্কিন হামলার জবাবে ইউরোপের ঘাঁটিতেও আঘাতের হুঁশিয়ারি