দৈনিক সংবাদ দিগন্ত

তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে নতুন উদ্যোগ

সাতক্ষীরার তালায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক সক্ষমতা বাড়াতে সমবায়ভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে সমবায় অধিদপ্তরের ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করে তালা উপজেলা সমবায় কার্যালয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক মাসুদা পারভীন। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণের পাশাপাশি অর্জিত দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। সমবায়ের মাধ্যমে সংগঠিত হয়ে কাজ করলে আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জন সহজ হবে। আরও পড়ুন,গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দবিশেষ অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা আশিক উর রহমান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মসম্পদ আরিফুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় তালা উপজেলার ১৫০ জনকে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। এতে বাঁশ ও বেতের সামগ্রী তৈরি, গবাদিপশু পালন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) কর্মসংস্থান উপযোগী বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যাতে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন, সে উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণ নয়, অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ নিশ্চিত করাও জরুরি। সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা গেলে তাদের স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে নতুন উদ্যোগ