দৈনিক সংবাদ দিগন্ত

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আহত অন্তত ৬

জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।ট্রেনটির পরিচালক মাসুদ মিয়া জানান, বিজয় এক্সপ্রেস রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে পৌঁছায় এবং রাত ১০টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। স্টেশন ছাড়ার মাত্র দুই মিনিটের মাথায় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।তিনি বলেন, ট্রেনের গতি কম থাকায় এবং চালক দ্রুত ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।আরও  পড়ুন, নামমাত্র প্রাইম কোটে সড়ক কার্পেটিং, কাজের মান নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।দুর্ঘটনাকবলিত বগির যাত্রী জামালপুরের ইফতেখার ইসলাম জানান, তিনি শেষের তিনটি বগির মধ্যে দ্বিতীয়টিতে ছিলেন। দুর্ঘটনার পর অনেক যাত্রী জীবন বাঁচাতে এবং মালামাল নিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যান।আরেক যাত্রী নেওয়াজ আলী বলেন, আতঙ্কে ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে সাত থেকে আটজন আহত হয়েছেন বলে তিনি দেখেছেন।গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পাশাপাশি যাত্রীদের মালামাল নিরাপদ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আহত অন্তত ৬