দৈনিক সংবাদ দিগন্ত

ফুটবল ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওজিল

রাশিয়ার জাতীয় ও ক্লাব ফুটবল দলের ওপর আন্তর্জাতিক ফুটবল থেকে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। তাঁর মতে, ফুটবল হলো মানুষের মধ্যে শান্তি, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার সবচেয়ে বড় মাধ্যম। তাই ফুটবলের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি পরিহার করে ফিফার উচিত সব দেশের সঙ্গে সমান আচরণ নিশ্চিত করা। সম্প্রতি ইস্তাম্বুল বাসাকশেহির ও জেনিত সেন্ট পিটার্সবার্গের সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন ওজিল। ম্যাচটিতে বাসাকশেহির ৩-২ গোলে জয়লাভ করার পর সংবাদমাধ্যমের সামনে রাশিয়ার ফুটবলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। আরও পড়ুন,কঠিন 'জি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল ও ওয়েলসসহ পাঁচ দেশওজিল অভিযোগ করেন, ইসরাইলের ফুটবল দলগুলোর ওপর কোনো নিষেধাজ্ঞা না দেওয়া হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাশিয়ার দলগুলোকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, যা ফিফার পরিষ্কার দ্বৈতনীতি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ফিফা ও উয়েফা রুশ দলগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল। ওজিলের মতে, জাতি বা ধর্মের পার্থক্য ভুলে মানুষকে একসূত্রে বাঁধার শক্তি যার রয়েছে, সেই ফুটবলে এমন বৈষম্য কাম্য নয়। খেলার মাঠের পাশাপাশি ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের কারণেও ওজিলের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। যে প্রীতি ম্যাচে তিনি অংশ নিয়েছিলেন, তার সঙ্গে জড়িত জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবং বাসাকশেহিরের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ রয়েছে। এমনকি এরদোয়ানের সঙ্গে ওজিলের পারিবারিক ঘনিষ্ঠতা এবং গত বছর তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির নির্বাহী বোর্ডে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টিও আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছে।

ফুটবল ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওজিল