দৈনিক সংবাদ দিগন্ত

গ্যাসের চাপ ও প্রবাহ স্থিতিশীল থাকায় বাণিজ্যিক উত্তোলনের নীতিগত সিদ্ধান্ত

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এবার সেই গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) লরি ও ক্রেনের সাহায্যে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, ঘটনার পরপরই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন এবং বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করে গ্যাসের চাপ, প্রবাহ ও ভূতাত্ত্বিক গঠন পর্যবেক্ষণ করছেন। আরও পড়ুন,উদ্ভাবনী স্টার্টআপকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকারবাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী ধাপে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশেষজ্ঞদের ধারণা, টানা প্রায় তিন সপ্তাহ ধরে একই চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসার বিষয়টি কোনো ক্ষুদ্র গ্যাস পকেটের পরিবর্তে ভূগর্ভে বড় মজুতের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি, যার মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। ভূতাত্ত্বিক জরিপ ও সিসমিক সমীক্ষার মাধ্যমে ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুত নিশ্চিত হওয়া গেলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়।

গ্যাসের চাপ ও প্রবাহ স্থিতিশীল থাকায় বাণিজ্যিক উত্তোলনের নীতিগত সিদ্ধান্ত