দৈনিক সংবাদ দিগন্ত

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কঠোর অবস্থানে সিমরিন লুবাবা

অনুমতি ছাড়া নিজের পুরোনো ছবি ব্যবহার করে সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ আহ্বান জানান লুবাবা। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম বা প্রতিষ্ঠান যেন পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করে। লুবাবা লেখেন, তিনি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নন। দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চান।আরও পড়ুন,ভারতের ধনকুবের পরিবারের মেয়ে কাব্যকে বিয়ে করলেন অনিরুদ্ধ তাই তাঁর পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ তাঁর সম্মতির পরিপন্থী। পোস্টে তিনি আরও বলেন, অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেবেন তিনি। নিজের অধিকার ও সম্মতি উপেক্ষা করে কেউ ছবি ব্যবহার করলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলেও উল্লেখ করেন লুবাবা। তাঁর ভাষায়, আল্লাহই সর্বোত্তম বিচারক। পোস্টের শেষাংশে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এই শিল্পী। একই সঙ্গে অনুমতি ছাড়া তাঁর কোনো ছবি ব্যবহার না করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তিনি।

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কঠোর অবস্থানে সিমরিন লুবাবা