মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যের দাম
দেশে সার্বিক মূল্যস্ফীতি আগস্টে কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো—বিবিএসের সর্বশেষ হিসাবে, আগস্টে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে।সোমবার প্রকাশিত বিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ পয়েন্ট। তবে গত বছরের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।আগস্টে মূল্যস্ফীতি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে। জুলাইয়ে যা ছিল ৭ দশমিক ১৬ শতাংশ এবং গত বছরের আগস্টে ৭ দশমিক ৬০ শতাংশ।তবে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। আগস্টে এ হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।এদিকে গ্রামাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।আরও পড়ুন, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ০১ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে।শহরাঞ্চলেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্টে শহরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ।অন্যদিকে, মূল্যস্ফীতির পাশাপাশি জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারও কমেছে। আগস্টে মজুরি সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ।খাতভেদে আগস্টে কৃষিতে মজুরি বেড়েছে ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্পে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ।অর্থাৎ তিন খাতের মধ্যে সেবা খাতেই মজুরি বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি।সার্বিকভাবে, আগস্টে মূল্যস্ফীতি কিছুটা কমলেও মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অর্থনীতিবিদদের নজর থাকছে।