দৈনিক সংবাদ দিগন্ত

স্বর্ণ ও ক্রিপ্টোকারেন্সির বাজারেও নিম্নমুখী প্রবণতা অব্যাহত

আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দর কিছুটা দুর্বল হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেল এবং স্বর্ণের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে গভীর নজর রাখছেন বিশ্ব বিনিয়োগকারীরা। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক উদ্যোগ এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার কমে আসায় আন্তর্জাতিক আর্থিক বাজারে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ১১৫ ডলারে নেমে এসেছে। অথচ এর আগের সপ্তাহে তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর অংশ হিসেবে কাতার মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নেওয়া এই উদ্যোগের খবরে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।আরও পড়ুন,উচ্চমূল্যের পণ্য ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারের ওপর জোর বিজিএমইএ নেতারএদিকে মার্কিন ১০ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফার হার প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি নেমে আসায় ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। মুদ্রা বাজারে সোমবার ইউরো ও ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ডলারের দামে তারতম্য দেখা গেছে। একই সঙ্গে বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৬ ডলারে নেমেছে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির বাজারেও বিটকয়েন ও ইথারের দরপতন লক্ষ্য করা গেছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় ব্যাংকসহ পাঁচটি প্রধান কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সুদের হারের পাশাপাশি ভবিষ্যৎ মুদ্রানীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বার্তা বাজারের গতিপ্রকৃতি নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।

স্বর্ণ ও ক্রিপ্টোকারেন্সির বাজারেও নিম্নমুখী প্রবণতা অব্যাহত