দৈনিক সংবাদ দিগন্ত

২১ বছর পর উদিত নারায়ণের সঙ্গে কুমার শানুর নতুন গান

বলিউডের সংগীতজগতে আগের মতো সৃজনশীলভাবে কাজ করার স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তাঁর মতে, বর্তমান সময়েও ভালো গান তৈরি হচ্ছে এবং প্রতিভাবান সংগীত পরিচালক রয়েছেন। তবে গান তৈরির ক্ষেত্রে আগের মতো পরীক্ষা-নিরীক্ষা ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ অনেকটাই কমে গেছে। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের সংগীতজগতের পরিবর্তন নিয়ে নিজের অভিজ্ঞতা ও হতাশার কথা তুলে ধরেন ৬৯ বছর বয়সী এই শিল্পী। চার দশকের বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত কুমার শানু নব্বই ও দুই হাজারের দশকের সংগীতচর্চার সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন। তিনি জানান, আগে সংগীত পরিচালক, গীতিকার ও শিল্পীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পর্যাপ্ত সুযোগ পেতেন। একটি নির্দিষ্ট পরিস্থিতির জন্য সংগীত পরিচালক চাইলে ১০টি ভিন্ন সুর তৈরি করতে পারতেন। পরে পুরো দল একসঙ্গে বসে সেখান থেকে সেরা সুরটি বেছে নিত। তাঁর ভাষায়, তখন চারপাশে সৃজনশীলতার চর্চা ছিল। আর শিল্প বলতে তিনি সেটিকেই বোঝেন। বর্তমান সংগীত প্রযোজনায় অটো-টিউন ও মেলোডাইনের মতো প্রযুক্তির ব্যবহার নিয়েও কথা বলেছেন এই শিল্পী। তাঁর মতে, এসব প্রযুক্তি গান তৈরির প্রক্রিয়া সহজ করেছে। তবে এর নেতিবাচক প্রভাবও রয়েছে। আরও পড়ুন,আমজাদ আলী খানের জীবনে শুভলক্ষ্মীর অবদান অপরিসীমআগে একটি গান এক বা দুইবারের চেষ্টায় রেকর্ড করা সম্ভব হতো। সামান্য ভুল হলে শুধু সেই অংশটুকু আবার রেকর্ড করতে হতো। এতে শিল্পীদের মনোযোগ, নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় থাকত। কিন্তু এখন অনেক ক্ষেত্রে গানের প্রতিটি শব্দ আলাদাভাবে রেকর্ড করা হয়। কুমার শানুর মতে, ভুল করার ভয় না থাকলে কাজের প্রতি নিষ্ঠাও কমে যায়। তবে প্রযুক্তিকে পুরোপুরি নেতিবাচক মনে করেন না তিনি। তাঁর মতে, প্রযুক্তির ভালো ও মন্দ দুই দিকই রয়েছে। কিন্তু প্রকৃত শিল্পের উৎস মানুষের সৃজনশীলতা ও প্রতিভা। এদিকে দীর্ঘ ২১ বছর পর আবারও সংগীতশিল্পী উদিত নারায়ণের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। দুই জনপ্রিয় শিল্পীর এই পুনর্মিলন সংগীতপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। সব মিলিয়ে বর্তমান বলিউডের গান নিয়ে আপত্তি নয়, বরং সৃজনশীল স্বাধীনতা, নিষ্ঠা ও আবেগের চর্চা কমে যাওয়াই তাঁর মূল উদ্বেগ।

২১ বছর পর উদিত নারায়ণের সঙ্গে কুমার শানুর নতুন গান