ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। অনুশীলনের সময় সতীর্থ পেসার ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে সিরিজের প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ওপেনার ডেভন কনওয়ে। চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা বা কনকাশন শনাক্ত হয়েছে। অকল্যান্ডের ইডেন পার্কে অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুশীলনের সময় কনওয়ে ও হেনরির মধ্যে জোরালো সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে মাঠে চিকিৎসা দেওয়া হলেও পরে কনওয়েকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্ক্যান ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কনকাশনের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। অন্যদিকে, ম্যাট হেনরি কনকাশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুস্থ রয়েছেন। তবে কনওয়ের অনুপস্থিতি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে বড় প্রভাব ফেলতে পারে।আরও পড়ুন,আর্জেন্টিনার জার্সি ছাড়লেও থামেনি মেসির গোলবন্যাদলের অধিনায়ক মিচেল স্যান্টনার দুর্ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ওয়ানডে ক্রিকেটে কনওয়ে দারুণ ছন্দে ছিলেন। এদিকে, চোটের কারণে নিউজিল্যান্ডের খেলোয়াড় তালিকায় অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছে। এর আগে হ্যামস্ট্রিং ও কাঁধের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র। কনওয়ের পরিবর্তে দলে সুযোগ পাওয়া টিম সাইফার্ট প্রথম ম্যাচে ওপেনিংয়ে নামবেন বলে জানিয়েছেন স্যান্টনার। ভারতের বিপক্ষে সম্প্রতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড। আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। ইডেন পার্কের ছোট বাউন্ডারি ও উইকেটের বাউন্স দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ওপর ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।