নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর সেতু এলাকায় যাত্রীবেশে একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ‘মামা-ভাগিনা’ নামের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়িকা ব্যানারে চলাচলকারী সায়েদাবাদ থেকে গৌরীপুরগামী লোকাল বাসটি যাত্রী ওঠানোর জন্য কাঁচপুর এলাকায় থামানো হয়েছিল। এ সময় বাসে যাত্রীবেশে থাকা কয়েকজন দুর্বৃত্ত বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন। আরও পড়ুন, সাতক্ষীরায় চার অসহায় নারীর পাশে এমপি বীথিকাঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক জানান, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।