দৈনিক সংবাদ দিগন্ত

চাকরি ছেড়ে কমেডিতে, বদলে গেছে সুমুখীর জীবন

করপোরেট চাকরির নিরাপদ জীবন ছেড়ে কমেডিয়ান হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন ভারতীয় কমেডিয়ান ও অভিনেত্রী সুমুখী সুরেশ। তখন তাঁর ব্যাংক হিসাবে ছিল মাত্র ৫০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার টাকা। সেই অর্থ দিয়ে তিন-চার মাস চলার পরিকল্পনা থাকলেও মুম্বাইয়ের ব্যয়বহুল জীবনে এক সপ্তাহেই তা শেষ হয়ে যেতে পারত। সময়ের ব্যবধানে স্ট্যান্ডআপ কমেডি, অভিনয় ও কনটেন্ট নির্মাণের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া নিজের প্রথম স্ট্যান্ডআপ কমেডি স্পেশাল ‘হোমোনাল’ নিয়ে আলোচনায় রয়েছেন সুমুখী। অনুষ্ঠানটি ঘিরে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন তিনি। জানান, মুম্বাইয়ে এসে অর্থের সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। নাগপুরের একটি মধ্যবিত্ত ও রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা সুমুখী পুষ্টিবিজ্ঞান, খাদ্য ও ডায়েটেটিকস বিষয়ে পড়াশোনা করেন। পরে খাদ্য পরীক্ষাগার ও খাদ্যমান যাচাইসংক্রান্ত প্রতিষ্ঠানে কাজ করেন।আরও পড়ুন,বিচ্ছেদের পর নতুন সম্পর্কে রিমি টমি করপোরেট চাকরিতে এক দশকের বেশি সময় কাটানোর পর নিজের সৃজনশীল আগ্রহকে পেশায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৩ সালের দিকে বেঙ্গালুরুতে স্ট্যান্ডআপ কমেডির চর্চা শুরু করেন তিনি। ২০১৪ সালে ‘আনু আন্টি (দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্থেম)’ নামের প্যারোডি ভিডিওতে অভিনয় করে অনলাইনে পরিচিতি পান। পরে ‘পুষ্পাবল্লী’ সিরিজে অভিনয়, নির্মাণ ও লেখালেখির মাধ্যমে আরও আলোচনায় আসেন। ২০২১ সালে নিজের কনটেন্ট নির্মাণ প্রতিষ্ঠান ‘মোটরমাউথ’ চালু করেন সুমুখী। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ডোন্ট টেল আম্মা’ ও ‘হোমোনাল’। ২০২৬ সালের ১৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘হোমোনাল’। এতে নারীর তিরিশের দশকের জীবন, সম্পর্ক, একাকিত্ব, শরীরের পরিবর্তন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে সামাজিক চাপকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন তিনি। ভারতের দৈনিক জাগরণের এক প্রতিবেদনে সুমুখীর সম্পদের পরিমাণ ১৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। স্ট্যান্ডআপ শো, আন্তর্জাতিক ট্যুর, অভিনয় এবং কনটেন্ট নির্মাণ তাঁর আয়ের উল্লেখযোগ্য উৎস।

চাকরি ছেড়ে কমেডিতে, বদলে গেছে সুমুখীর জীবন