দৈনিক সংবাদ দিগন্ত

টানা তিন জয়, জুনিয়র এশিয়া কাপে চ্যালেঞ্জার পুলের শীর্ষে বাংলাদেশ

চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। চ্যালেঞ্জার পুলে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে এবার কাজাখস্তানের বিপক্ষেও বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।মঙ্গলবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় বাংলাদেশের মেয়েদের। মাত্র তিন মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ১৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। ফলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ।দ্বিতীয়ার্ধেও একই গতিতে আক্রমণ চালায় তারা। ৪৬ মিনিটে জাকিয়া আফরোজ লিমার দুর্দান্ত ফিল্ড গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।এরপর ৫১ মিনিটে আবারও পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগান অধিনায়ক শারিকা রিমন। নিজের দ্বিতীয় গোল করে দলের জয়কে আরও বড় করেন তিনি।আরও  পড়ুন, ১০ মাস পর ওয়ানডেতে ডি কক, ফিরছেন মিলারওশেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। পুরো ম্যাচে রক্ষণভাগের দৃঢ়তা এবং আক্রমণভাগের কার্যকর নৈপুণ্যে কাজাখস্তানকে কোনো সুযোগই নিতে দেয়নি লাল-সবুজের দল।এই জয়ের মধ্য দিয়ে চ্যালেঞ্জার পুলে টানা তিন জয় পেল বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে চাইনিজ তাইপে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল তারা।তিন ম্যাচে তিন জয়—এমন দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে ১০ দলের প্রতিযোগিতায় সেরা ছয়ে জায়গা নিশ্চিত হয়েছে তাদের।এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের।

টানা তিন জয়, জুনিয়র এশিয়া কাপে চ্যালেঞ্জার পুলের শীর্ষে বাংলাদেশ