দৈনিক সংবাদ দিগন্ত

নাশকতা ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিরোধী দল

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, যানবাহনে আগুন এবং চোরাগোপ্তা হামলার ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও আপাতত কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি দিচ্ছে না দল দুটি। পরিস্থিতি গুরুতর হলে দলীয় কিংবা জোটগত কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নেতারা জানিয়েছেন। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনের ঘোষণা দেয়। এরপর রোববার রাত থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সোমবার রাতে নাশকতার মাত্রা আরও বাড়ে। সরকার ও পুলিশ এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে। তাদের ভাষ্য, বিদেশে অবস্থানরত নেতারা উসকানি ও অর্থায়ন করছেন।আরও পড়ুন,প্রকৌশলীদের উপহার গ্রহণ নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশরাক জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। বিবৃতিতে বলা হয়, বাহিনীগুলোর নিষ্ক্রিয়তা ও একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এমন সহিংসতা সম্ভব নয়। এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে এবং কোনো পরিস্থিতির মুখোমুখি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে। সরকারকেই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে হবে। পরিস্থিতি গুরুতর হলে কর্মসূচির বিষয়ে চিন্তা করবে দল। দলীয় সূত্রের দাবি, ঢাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার বা নাশকতার তথ্য পেলে জামায়াতের নেতা-কর্মীরা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদও পরিস্থিতি বিবেচনায় দলীয় বা জোটগত কর্মসূচির সম্ভাবনার কথা জানিয়েছেন। আরও পড়ুন,হামলাকারীদের বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমিরএদিকে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতি সরকার ও আওয়ামী লীগের ‘তলেতলে আঁতাতের’ ফল। তাঁর দাবি, সরকার যে রাজনৈতিক কৌশল নিচ্ছে, এনসিপি তার অংশ হবে না। সত্যিকারের হুমকি তৈরি হলে দলটি মাঠে নামবে বলেও জানান তিনি। মঙ্গলবার সংসদ ভবনে বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠকেও নাশকতার বিষয়টি আলোচনায় আসে। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ করেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও নাশকতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বিবৃতিতে বলেছেন, সরকার আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

নাশকতা ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিরোধী দল