দৈনিক সংবাদ দিগন্ত

তাওহীদ বা আল্লাহর একত্ববাদই ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও চালিকাশক্তি

অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের উদ্যোগে আয়োজিত ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা শুধু দেশের প্রশাসনিক রাজধানী নয়, বরং এটি সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে একটি সুস্থ সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদেরই নিতে হবে। সমাজ থেকে শিরক, বিদআত ও অশ্লীলতা দূর করতে হলে মানুষের মাঝে সুস্থ, মননশীল ও বিশুদ্ধ সাংস্কৃতিক উপাদান ছড়িয়ে দেওয়া অপরিহার্য। দেশের সাংস্কৃতিক আন্দোলনের মূল নেতৃত্ব এই মহানগরীর সাহিত্য-সংস্কৃতিকর্মীদেরই দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হিসেবে তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসের কথা তুলে ধরে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়; বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আরোও পড়ুন,স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিত থাকার প্রত্যাশাআল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী এই বিশ্বাসই ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি। মানুষের ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হলে তা মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতিচর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো রাজনৈতিক বিপ্লবই সফল হয় না এবং কোনো পরিবর্তন এলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ পাঠ সামনে রেখেই সামনে পথ চলতে হবে। এ ছাড়া সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, সুস্থ গান গাইলে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয় না, বরং গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তবে মানবমন পরিবর্তনের জন্য পবিত্র কুরআনই যে সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ, তা সব সময় মনে রাখার আহ্বান জানান তিনি।

তাওহীদ বা আল্লাহর একত্ববাদই ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও চালিকাশক্তি