কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম ছিলেন। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) ফজরের নামাজ পাড়িয়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের ওপর নির্মাণাধীন ড্রেনের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ইমাম গোলাম মোস্তফা ও অটো চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।আরও পড়ুন, ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনপরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব ছিল বলে তিনি দাবি করেন।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।