রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।মামলার বিবরণ অনুযায়ী, বনানী থানার অধীনে আনিসুল হকের নামে একটি বৈধ পিস্তলের লাইসেন্স ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং সংশ্লিষ্ট অস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়।আরও পড়ুন, হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর মামলার অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেননি এবং এ বিষয়ে পুলিশকেও অবহিত করেননি। তার লাইসেন্সে দেওয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার গুলি কেনার তথ্যও পাওয়া যায়নি বলে তদন্তে উল্লেখ করা হয়।এ ঘটনায় ২০২৫ সালের ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলাটি করেন। পরে তদন্ত শেষে পুলিশ আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।এর আগে ২০২৬ সালের ২৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছিলেন। এবার বিচারক ছুটিতে থাকায় শুনানি আবারও পিছিয়ে ২৬ অক্টোবর করা হলো।উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।আগামী ২৬ অক্টোবর আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।