দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, অচল আউটলুক-টিমস

বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫, আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলট ব্যবহারে সমস্যায় পড়েছেন কোটি কোটি ব্যবহারকারী। কোথাও কোথাও এসব সেবা পুরোপুরি অচল হয়ে পড়েছে। ফলে ই-মেইল আদান-প্রদান, ফাইল দেখা ও অনলাইন যোগাযোগ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে এ বিপর্যয় শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও সাধারণ ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন। মাইক্রোসফট জানিয়েছে, এ সমস্যার পেছনে কোনো সাইবার হামলার ঘটনা নেই। প্রতিষ্ঠানটির অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ এবং বিপুলসংখ্যক সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সচল সার্ভারগুলোর ওপরও অতিরিক্ত চাপ তৈরি হয়। আরও পড়ুন, স্মার্টফোন কেনার আগে শুধু র‍্যাম নয়, যেসব বিষয় দেখা জরুরিমাইক্রোসফট ৩৬৫-এর আওতাধীন আউটলুক, টিমস ও কোপাইলটে সংযোগজনিত সমস্যার কারণে অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো ও গ্রহণ করতে পারছেন না। পাশাপাশি ফাইল দেখা এবং ক্যালেন্ডারের তথ্য ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। তবে কিছু ব্যবহারকারী টিমসে বার্তা আদান-প্রদান ও অনলাইন মিটিংয়ের সুবিধা সচল পেয়েছেন। মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন ৪৩ কোটির বেশি মানুষ। অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৪টি দেশের প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যবহারকারী আউটলুকের সমস্যা নিয়ে অভিযোগ জানান। প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বেশি হতে পারে। এ বিপর্যয়ের প্রভাব পড়েছে অন্যান্য প্রযুক্তি সেবাতেও। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবং এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও সেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে। ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সঙ্গে সংযোগ সমস্যার কারণে তাদের কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছে না।আরও পড়ুন, ফোন নম্বর ছাড়াই যোগাযোগ, হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম ফিচারসিঙ্গাপুর সরকার, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাজ্যের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র, ফার্মেসি, পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানও এ সমস্যায় পড়েছে। যুক্তরাজ্যের কয়েকটি পুলিশ বাহিনী অনলাইনের পরিবর্তে ফোনে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মাইক্রোসফট জানায়, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে সেবার সক্ষমতা এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি। এর আগে সমস্যা সমাধানে নেওয়া পদক্ষেপগুলো প্রত্যাশিত ফল দিচ্ছে না বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বিবিসিকে বলেন, এ বিপর্যয়ের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। ইন্টারনেট অবকাঠামোর বড় একটি অংশ মাইক্রোসফটের ওপর নির্ভরশীল। এ ঘটনা ই-মেইল ও ডিজিটাল যোগাযোগের গুরুত্ব আবারও সামনে এনেছে। নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গরিলা টেকনোলজির পল স্পেন বলেন, ই-মেইল ও বিভিন্ন সেবা বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান কার্যত একটি কর্মদিবস হারিয়েছে। এতে ব্যবহারকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, অচল আউটলুক-টিমস