মাত্র ৪ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজার ৭৪০ পুরোনো মামলা
আদালতে বছরের পর বছর ঝুলে থাকা পুরোনো মামলার জট কমাতে বড় অগ্রগতির খবর এসেছে হাইকোর্ট থেকে। মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় গত ৭ মে থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। আর এই উদ্যোগের ফলেই মাত্র চার কার্যদিবসে রেকর্ডসংখ্যক মামলা নিষ্পত্তির নজির তৈরি হয়েছে।হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে মোট নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ২০ হাজার ৭৪০।দিনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ৭ মে নিষ্পত্তি হয় ৩ হাজার ২৪৭টি ক্রিমিনাল মিস মামলা এবং ১ হাজার ৭৬৫টি রিট মামলা।আরও পড়ুন, ডব্লিউইএফ সম্মেলন শেষে বেইজিংয়ের পথে তারেক রহমান
১৪ মে নিষ্পত্তি হয় ৩ হাজার ৮৪২টি ক্রিমিনাল মিস ও ৩ হাজার ২৬২টি রিট মামলা।১১ জুন হাইকোর্টের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে নিষ্পত্তি হয় ৬ হাজার ১৯৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা।আর ১৮ জুন নিষ্পত্তি হয় ১ হাজার ৮৮৪টি ক্রিমিনাল মিস এবং ৫৪১টি রিট মামলা।এদিকে বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির এ পদক্ষেপ প্রশংসনীয় এবং এটি অব্যাহত থাকলে মামলা জট নিরসনে বড় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ও দ্রুত নিষ্পত্তির জন্য ১ হাজার ৪০০ মামলার একটি তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমাতে এবং বিচারপ্রার্থীদের আস্থা বাড়াতে এ ধরনের বিশেষ কার্যক্রম আরও বিস্তৃত হলে দেশের আদালত ব্যবস্থায় নতুন গতি আসতে পারে।