ভোগান্তির অবসান: ২৫ ঘণ্টা পর রাজশাহীর বাস টার্মিনালে স্বাভাবিকতা
প্রায় ২৫ ঘণ্টার অচলাবস্থার পর আবারও সচল হয়েছে রাজশাহী থেকে দেশের সব রুটের বাস চলাচল। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ প্রশাসনের মধ্যস্থতায় মীমাংসা হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।সোমবার রাত ৮টা থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় রাজশাহী থেকে দূরপাল্লাসহ সব রুটের বাস চলাচল। এতে দিনভর চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। কেউ বিকল্প পরিবহন ব্যবহার করেন, আবার অনেকে যাত্রা স্থগিত করতে বাধ্য হন।সংকট নিরসনে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে বাস চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।আরও পড়ুন, কুড়িগ্রামে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১; থমথমে এলাকায় ১০ জন আটকসমঝোতা অনুযায়ী, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যেখানে শ্রমিকদের দুই পক্ষ থেকে তিনজন করে ছয়জন এবং প্রশাসনের তিনজন প্রতিনিধি থাকবেন। পাশাপাশি শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনী কমিটিতে নজরুল ইসলাম (হেলাল) থাকবেন না বলেও সিদ্ধান্ত হয়েছে।এর আগে নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে জেলা প্রশাসক ও শ্রমিক নেতাদের মধ্যে মতবিরোধের জেরে বাস চলাচল বন্ধ হয়ে যায়।বর্তমানে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে এবং যাত্রীদের ভোগান্তিরও অবসান ঘটেছে।রাজশাহীতে প্রায় একদিনের পরিবহন সংকট কাটিয়ে স্বাভাবিক হয়েছে জনজীবন। এখন সবার নজর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার দিকে।