পাঁচ দিনের তুরস্ক সফরে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠক, দেশে ফিরলেন সেনাপ্রধান
তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি তুরস্কের শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।শনিবার দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর এ তথ্য জানিয়েছে।সফরের শুরুতে তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।আরও পড়ুন, বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস? ২৯ জুলাইয়ের মধ্যে করতে হবে নিবন্ধনসফরকালে সেনাপ্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, চিফ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিনের সঙ্গে পৃথক বৈঠক করেন।এ সময় দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এ ছাড়া সেনাপ্রধান তুরস্কের ডিফেন্সইন্ডাস্ট্রি এজেন্সির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। তুর্কি স্থলবাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার।সেনাপ্রধানের এই সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।