দৈনিক সংবাদ দিগন্ত

মান্দারী বাজারে রহমত খালী খালের সেতুর দুই পাশ এখন ময়লার পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৮ নম্বর মান্দারী ইউনিয়নের প্রাণকেন্দ্র মান্দারী বাজারে রহমত খালী খালের সেতুর দুই পাশে জমে থাকা ময়লার স্তূপে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যের কারণে এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, বাজারের পোল্ট্রি ব্যবসাসহ বিভিন্ন ধরনের বর্জ্য এবং বাজারের পরিচ্ছন্নতাকর্মীরা সংগ্রহ করা আবর্জনা প্রতিনিয়ত খালের দুই পাশে ও খালের মধ্যে ফেলে রাখছেন। এতে ময়লার স্তূপ দিন দিন বড় হচ্ছে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থারও অবনতি ঘটছে বলে দাবি তাদের।বাজারে আসা একাধিক পথচারী জানান, সেতুর ওপর দিয়ে চলাচলের সময় নাক চেপে যেতে হয়। বিশেষ করে গরম ও বৃষ্টির দিনে দুর্গন্ধ আরও অসহনীয় হয়ে ওঠে। এতে জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে বলে তাদের আশঙ্কা।আরও  পড়ুন, খাগড়াছড়িতে ডিএপি-এর উদ্যোগে আন্তঃধর্মীয় ও আন্তঃসাম্প্রদায়িক শান্তি বিনির্মাণ বিষয়ক সভা অনুষ্ঠিতস্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, বাজারের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। অনেকেই দুর্গন্ধের কারণে বাজারে দীর্ঘ সময় অবস্থান করতে চান না।ভুক্তভোগীদের একজন বলেন, "শুধু সরকার বা মন্ত্রীদের দোষারোপ করে লাভ নেই। যারা প্রতিদিন এখানে ময়লা ফেলছেন এবং যারা এ কাজে জড়িত, তারা যদি সচেতন না হন, তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না।"স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাজারের জন্য একটি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা, নির্ধারিত স্থানে আবর্জনা ফেলা নিশ্চিত করা এবং নিয়মিত তদারকি জোরদার করা জরুরি। পাশাপাশি ব্যবসায়ী, পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ছাড়া এই পরিবেশগত সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়।এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মান্দারী বাজারে রহমত খালী খালের সেতুর দুই পাশ এখন ময়লার পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন