সিলেটে বন্যার শঙ্কা তীব্র, ৫৩৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
টানা ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখনো অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন ৫৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। একই সঙ্গে জেলার ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সেসব এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন থেকে চার দিন ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সীমান্তবর্তী নদীগুলোর পানি আরও বাড়তে পারে এবং কিছু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে উজানের পানি দ্রুত মেঘনা অববাহিকায় নেমে যাওয়ায় দীর্ঘস্থায়ী বন্যার সম্ভাবনা তুলনামূলক কম।আরও পড়ুন, হিজলায় পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেফতারসিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা বিভাগজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও বেড়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জানিয়েছে, সরকারি হিসাবে ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা থাকলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি। বর্তমানে অন্তত ৩৮৬টি পরিবার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। গত কয়েক বছরে টিলা ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছে, সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে কাজ করছেন। নিচু এলাকায় পানি উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ ও শুকনো খাবারের প্রস্তুতিও রাখা হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।