সিঙ্গেল থেকে ডাবল-ডেকার, ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত করল বিআরটিএ
দেশে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন না থাকলেও সিঙ্গেল-ডেকার হিসেবে রেজিস্ট্রেশন নেওয়া কিছু বাসকে বডি পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তরের অভিযোগ উঠেছে। এ ধরনের ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ।হাইকোর্টের নির্দেশনায় গঠিত বিআরটিএর তিন সদস্যের কারিগরি কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কমিটি জানিয়েছে, বিআরটিএ এখন পর্যন্ত কোনো ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেয়নি।প্রতিবেদন অনুযায়ী, কিছু বাস মালিক সিঙ্গেল-ডেকার বাস হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার পর বডি পরিবর্তন করে সেগুলোকে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর করেছেন। অভিযোগের ভিত্তিতে ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে চলাচলরত তিনটি স্লিপার বাসের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।আরও পড়ুন, ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমানবিআরটিএ জানিয়েছে, বডি পরিবর্তনের পর ফিটনেস নবায়নের জন্য আসা বাসগুলোর ফিটনেস নবায়ন করা হচ্ছে না। একই সঙ্গে সংশ্লিষ্ট বাসের রেজিস্ট্রেশন স্থগিত এবং রুট পারমিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কারিগরি কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ডাবল-ডেকার স্লিপার বাসের জন্য কোনো জাতীয় গাইডলাইন বা নীতিমালা নেই। ফলে এ ধরনের বাসের অনুমোদন ও রেজিস্ট্রেশনের সুযোগ নেই। অননুমোদিত বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকেও বিভিন্ন সময়ে চিঠি দিয়েছে বিআরটিএ।২০২৫ সালে অননুমোদিত স্লিপার এসি বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছিল। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারির পর বিআরটিএ কারিগরি কমিটি গঠন করে। কমিটির পর্যালোচনার পরই অননুমোদিত ডাবল-ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।