দৈনিক সংবাদ দিগন্ত

মুখ খুললেন পপি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভাইরাল পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন—‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’তবে এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত বলে দাবি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি স্পষ্ট করে বলেন, তিনি কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখেননি। বরং চলচ্চিত্র তার জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গা।পপির ভাষ্য, চলচ্চিত্র তার পেশা এবং দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই তিনি উপার্জন করেছেন, পরিবার চালিয়েছেন। তাই চলচ্চিত্রকে পাপ বলার কোনো প্রশ্নই আসে না।আরও  পড়ুন, বিয়ে করেছেন মিষ্টি জান্নাতঅভিনেত্রী জানান, পরিবারের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত একটি প্রসঙ্গে বলা কিছু কথাকে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জীবনে কিছু অমানুষকে লালন করেছেন এবং পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন—সেই অর্থেই কথাগুলো বলেছিলেন বলে দাবি করেন পপি।প্রায় তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারের কথা উল্লেখ করে পপি বলেন, ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষের অবদান তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। চলচ্চিত্র থেকে সরে গেলেই তার প্রতি সম্মান ও ভালোবাসা শেষ হয়ে যাবে না।দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা পপি জানান, বর্তমানে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে সুখে আছেন। নিয়মিত নামাজ-রোজা পালন করে শান্তিপূর্ণ পারিবারিক জীবন কাটাচ্ছেন তিনি।অভিনয়ে ফেরার সম্ভাবনা কম হলেও ভবিষ্যতে প্রযোজনায় কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো বিভ্রান্তিকর বক্তব্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন ভক্ত ও সহকর্মীদের প্রতি।

মুখ খুললেন পপি