দৈনিক সংবাদ দিগন্ত

স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতা প্রদর্শনে তিন বাহিনী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি। সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত এই বিশেষ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। এ সময় প্রধানমন্ত্রী তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন সরকারপ্রধান। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। আরও পড়ুন,প্রশাসনে রাজনৈতিক বিভাজন নিয়ে বাড়ছে উদ্বেগ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ এই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। আর এই মহড়ায় উপস্থিত থেকে চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সশস্ত্র বাহিনীর তিন শাখার বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে এই আয়োজনকে দেশের সামরিক প্রশিক্ষণ ও সমন্বিত সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতা প্রদর্শনে তিন বাহিনী