বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু। গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে এক বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুসারে শিবা শানুকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। তবে এ নিয়োগের শর্ত হিসেবে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন,অদিতিকে নিজের সবচেয়ে বড় ভালোবাসা বললেন সিদ্ধার্থঅভিনয়ের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। পার্শ্বচরিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন এ অভিনেতা। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের শিল্পীদের কল্যাণ, আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। নতুন দায়িত্বে শিবা শানু ট্রাস্টের কার্যক্রম পরিচালনা ও শিল্পীদের কল্যাণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।