৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, সফল করার আহ্বান জামায়াতের
ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।তিনি জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করছে।জামায়াতের এই নেতা জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে কর্মসূচি শেষ হবে। পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হবে পথসভা।আরও পড়ুন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠিক করতে বিএনপির যৌথসভা লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে বলেও জানান তিনি। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন বলে আশা করছে ১১ দলীয় ঐক্য।কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে জন্য মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর পরিচালনার পরিকল্পনা রয়েছে। অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখার চেষ্টা করা হবে।তবে বড় এই কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি হতে পারে উল্লেখ করে আগাম দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে লংমার্চ সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি।