দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল এক মাসে নিহত ৫৩২

দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চিত্র আরও ভয়াবহ রূপ নিয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের এক মাসের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে সারা দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন।শনিবার সকালে প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ৬৬ জন নারী এবং ৯৮ জন শিশু রয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।একই সময়ে নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১২ জন নিহত এবং রেলপথে ৪৮টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত হওয়ার তথ্যও উঠে এসেছে।যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়—মোট ২০৪ জন নিহত হয়েছেন।আরো পড়ুন , এয়ার অ্যারাবিয়ার নতুন সিদ্ধান্ত, ১৭ দেশে আবারও ফ্লাইট শুরু এছাড়া তিন চাকার যানবাহনে ৯৪ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসে ৪৬ জন এবং বাস যাত্রীদের মধ্যে ৪৫ জন প্রাণ হারিয়েছেন।প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার বড় অংশ ঘটেছে আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে। মোট দুর্ঘটনার মধ্যে ২৬৪টি আঞ্চলিক সড়কে এবং ১৭১টি জাতীয় মহাসড়কে সংঘটিত হয়েছে।দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা গেছে, ২৩১টি ঘটনায় যানবাহন নিয়ন্ত্রণ হারানো, ১৬৬টি মুখোমুখি সংঘর্ষ এবং ৮৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে।রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দ্রুতগতি, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহনের ফিটনেস সমস্যাই এসব দুর্ঘটনার প্রধান কারণ।সংস্থাটি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর নজরদারি ও কার্যকর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছে।

দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল এক মাসে নিহত ৫৩২