রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে কারা থাকতে পারবেন না
সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না কর্মরত কোনো সচিব কিংবা সমমর্যাদার কর্মকর্তা। সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী প্রার্থীকে পরিচালক হিসেবে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ বা মনোনয়নের ক্ষেত্রে এমন বিধান রেখে সম্প্রতি নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।নীতিমালায় বলা হয়েছে, পরিচালনা পর্ষদে সুশাসন, পেশাদারিত্ব ও দক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব থাকতে হবে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখার বিধান করা হয়েছে।চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। থাকতে হবে অন্তত ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা অথবা পেশাগত অভিজ্ঞতা। তবে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যাবে। নতুন নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। এক মেয়াদ বিরতির পর আবার নিয়োগের সুযোগ থাকলেও আগের কর্মদক্ষতা বিবেচনা করা হবে। একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অর্থনীতি, ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, আইন, কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী পরিচালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। আরও পড়ুন,ন্যূনতম মজুরি নিয়ে গ্রহণযোগ্য সমাধান চায় দুই পক্ষসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন অথবা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্বে ছিলেন এমন কেউ ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। স্বার্থের সংঘাত রয়েছে এমন প্রার্থীকেও বিবেচনায় নেওয়া হবে না। চেয়ারম্যান ও পরিচালক বাছাইয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। এ ক্ষেত্রে ফিট অ্যান্ড প্রপার টেস্ট, গোয়েন্দা প্রতিবেদন এবং ঋণসংক্রান্ত সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কমিটির সুপারিশের পর চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর এবং পরিচালক নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিতে হবে। নীতিমালায় পরিচালনা পর্ষদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন-বিধিবিধান পরিপালন নিশ্চিত করবে পর্ষদ। তবে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজে পরিচালকেরা হস্তক্ষেপ করতে পারবেন না। নতুন নীতিমালাটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কার্যকর হবে।